Logo

অর্থনীতি    >>   কানাডার পণ্যে ৫০% শুল্ক আরোপের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

কানাডার পণ্যে ৫০% শুল্ক আরোপের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

কানাডার পণ্যে ৫০% শুল্ক আরোপের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ফুটবল বিশ্বকাপে যৌথভাবে সফল আয়োজনের পর এবার বাণিজ্য ইস্যুতে নতুন করে মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। বিশ্বকাপ শেষ হতেই কানাডা থেকে আমদানি করা অধিকাংশ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী, গাড়িশিল্প, অ্যালকোহলযুক্ত পানীয় ও দুগ্ধজাত পণ্যে কানাডার কথিত অন্যায্য বাণিজ্যিক নীতির জবাব হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রশাসনের দাবি, অতীতে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির প্রতিক্রিয়ায় কানাডাও পাল্টা বাণিজ্যিক পদক্ষেপ নিয়েছিল, যার ধারাবাহিকতায় নতুন এই শুল্ক কার্যকর করা হচ্ছে।

নতুন নীতির আওতায়, যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তি (ইউএসএমসিএ) অনুযায়ী এতদিন শুল্কমুক্ত সুবিধা পাওয়া অধিকাংশ কানাডীয় পণ্যের ওপর এখন ৫০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে। তবে জ্বালানি পণ্য, পটাশ, মাছ এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর জানিয়েছে, ১৯৩০ সালের যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের বিশেষ ধারার অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগামী ৩০ দিনের মধ্যে এটি পুরোপুরি কার্যকর হবে। এ সময়ের মধ্যে দুই দেশের মধ্যে আলোচনার সুযোগও থাকবে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও কানাডার দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। পাশাপাশি দুই দেশের বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থাতেও চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এক বিবৃতিতে তিনি বলেন, কানাডা মুক্ত ও ন্যায্য বাণিজ্যে বিশ্বাসী এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষপাতী। তিনি জানান, কানাডা ইতোমধ্যে বিশ্বের ২০টিরও বেশি দেশের সঙ্গে নতুন অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারত্ব গড়ে তুলেছে।

মার্ক কার্নি আরও বলেন, চলমান বাণিজ্য বিরোধের প্রভাব দুই দেশের সাধারণ পরিবারগুলোর ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ সৃষ্টি করতে পারে। তাই উভয় দেশের স্বার্থেই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো প্রয়োজন। সূত্র: এপি, ইউএনবি, জাগোনিউজ